আমেরিকার ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।

আমেরিকার ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা টানা দুই ম্যাচ হারলো, বাংলাদেশ প্রথম ম্যাচে জয় দিয়ে সুপার এইটে খেলার আশা টিকিয়ে রাখলো।

বিশ্বকাপের আগে বেশ নেতিবাচক একটা পরিস্থিতিতে ছিল বাংলাদেশ, এমন অবস্থা থেকে এই জয়টা বাংলাদেশকে আত্মবিশ্বাস দেবে।

শুরুতে ব্যাট করে পুরো বিশ ওভার ব্যাট করে ১২৪ রান তোলে শ্রীলঙ্কা, বাংলাদেশের জন্য এই লক্ষ্যটাও এক সময় কঠিন হয়ে দাঁড়ায়।

রিশাদ হোসেন ২২ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

ম্যাচ শেষে তিনি বলেন, "উইকেট ভালো ছিল, আমি শক্তির জায়গা মাথায় রেখেছি আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি। আমার সেরাটা দিতে পেরে ভালো লেগেছে।"

যেভাবে জিতেছে বাংলাদেশ

৯১ রানে চতুর্থ উইকেট পড়ার পরে বাংলাদেশের সমর্থকদের মধ্যে হারের শংকা দেখা গিয়েছিল, এরপর একে একে লিটন, সাকিব ও রিশাদ আউট হয়ে যান।

বিশেষ করে ১৮তম ওভারে নুয়ান ঠুসারা দুই উইকেট নিয়ে বাংলাদেশকে একটা কঠিন পরিস্থিতে ফেলে দেন, তিনি ১৮ রানে নিয়েছেন ৪ উইকেট।

শেষ পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ ও তানজিম সাকিব ১৯তম ওভারে ১১ রান নিয়ে বাংলাদেশকে জয় এনে দেন।

মূলত দ্রুত উইকেট নেয়ার জন্য শ্রীলঙ্কা তাদের মূল বোলারদের ওভার আগেই শেষ করে ফেলে তাই ১৯তম ওভারে বল করতে আসেন অলরাউন্ডার দাশুন শানাকা।

তার প্রথম বলেই ছয় হাঁকান রিয়াদ। এছাড়া শ্রীলঙ্কা বোলিং নিয়ন্ত্রণ করতে পারেনি, ১২টি ওয়াইড বল দিয়েছেন লঙ্কান বোলাররা।